
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আব্দুর রব। আজ ৬ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডঃ মতিউর রহমান আকন্দ। মাওলানা আব্দুর রব ইতিপূর্বে পিরোজপুর পৌরসভা আমীর, জেলা সেক্রেটারি, জেলা নায়েবে আমীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার পৌরসভার পুরুষ এবং মহিলা রোকন ছাড়াও উপজেলা টীমের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী অঞ্চল পরিচালক মাওলানা ফখরুদ্দিন খান রাযী। শপথ গ্রহণের পর প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, পিরোজপুরের এই মাটিতে বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শুয়ে আছেন, আমাদের তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পিরোজপুরের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনে দাওয়াত পৌঁছে দিতে হবে।
বাদ মাগরিব মাওলানা বেলায়েত হোসাইন এর অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবনির্বাচিত জেলা আমিরের শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফখরুদ্দিন খান রাযী। ভাব গম্ভীর্যপূর্ণ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মাওলানা আব্দুর রব অশ্রুসিক্ত হয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে যখন শপথ বাক্য পাঠ করেন তখন উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নিয়ে মতিউর রহমান আকন্দ আল্লামা সাঈদী রাহিঃ কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
ঠিকানাঃ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬