
পিরোজপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পিরোজপুর জেলাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব ও স্বাস্থ্যঝুঁকি যখন বাড়ছে, তখন জেলার চিকিৎসাকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। পিরোজপুর সদর উপজেলার বক্ষব্যাধি ক্লিনিকে একদিকে যেমন চত্বর ও এর আশপাশ ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ে পূর্ণ, অন্যদিকে জাতীয় পতাকার স্ট্যান্ড ফাঁকা রেখেই চলছে কার্যক্রম। অথচ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা এসব অনিয়মের দায় এড়াতে জনবল সংকটের দোহাই দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ক্লিনিক চত্বরের মূল প্রাঙ্গণে জাতীয় পতাকার স্ট্যান্ডটি সম্পূর্ণ ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধে হাসপাতালের চারপাশ পরিচ্ছন্ন রাখার কথা থাকলেও, চত্বরে ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে, যা রোগী ও আগতদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বক্ষব্যাধি ক্লিনিকে ১৭টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ৯ জন কর্মী কর্মরত আছেন। এর মধ্যে ১ জন কর্মী ডেপুটেশনে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। ফলে এই সীমিত জনবল দিয়ে ক্লিনিকের নিয়মিত কার্যক্রম ও পরিচ্ছন্নতা রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির জুনিয়র কনসালট্যান্ট (বক্ষব্যাধি) ডা. টিটপ কুমার বালা জনবল সংকটের কথা উল্লেখ করে জানান, ক্লিনিকে পরিচ্ছন্নতাকর্মী সংকট রয়েছে এবং সীমিত লোকবল দিয়ে পুরো ক্যাম্পাসের রক্ষণাবেক্ষণ চালানো দুরূহ।
এদিকে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী শ্যামল চন্দ্র বিশ্বাস বলেন, "জাতীয় পতাকা আমরা শুধু সরকারি দিবসগুলোতে উত্তোলন করি।" সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম না মেনে এমন মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, তীব্র জনবল সংকট, প্রশাসনিক উদাসীনতা এবং ক্লিনিক চত্বর অপরিচ্ছন্ন রাখার পাশাপাশি পতাকাবিহীন রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় বক্ষব্যাধি ক্লিনিকের এমন অব্যবস্থাপনা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
রোগী ও স্থানীয় নাগরিকদের দাবি, দ্রুত জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিতকরণ এবং শূন্য পদগুলোতে জনবল নিয়োগের মাধ্যমে ক্লিনিক চত্বরের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
ঠিকানাঃ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬