বিশেষ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পিরোজপুর স্টোরিজ’ ও পিরোজপুর নিউজ নামের ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার।
উক্ত পেজে “ছরোয়ার কমিশনারের বাড়ি থেকে ইয়াবা ও বিদেশি শাড়ি উদ্ধার” এবং ট্রলার ছাড়ানো সংক্রান্ত যে ফটোকার্ড ও তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি।
এক বিবৃতিতে মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মব বাহিনী,গুপ্ত বাহিনী, ফ্যাসিস্টের দোসর অসাধু ও চক্রান্তকারী মহল একত্রিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত সংবাদের সাথে আমার বা বিএনপির কোনো নেতাকর্মীর দূরতম কোনো সম্পৃক্ততা নেই। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মনগড়া গল্প সাজানো হয়েছে।”যেখানে ট্রলারটি আটক হয়েছে সেখান থেকে আমার বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে।
তিনি আরও বলেন, সত্যতা যাচাই না করে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে এবং আমার জনপ্রিয়তা মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।একই সাথে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারকারী পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।