মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০১৫ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকাসহ মো. রুবেল বেপারী (২৯) ও এমাদুল দফাদার (২৭) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার(৭ নভেম্বর) রাতে উপজেলার সাফা বাজারের মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সাফা বাজারে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় পিরোজপুর ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা।