পিরোজপুর প্রতিনিধি:
মঙ্গলবার(১০ নভেম্বর) পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী নেছারাবাদ উপজেলা দিনব্যাপী সফরে বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক জলাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় তিনি ভূমিসেবার গুণগত মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি ৪৮ নং দক্ষিণ কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩২ নং গণমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি নেছারাবাদ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে ভূমিসেবাসহ অন্যান্য সরকারি সেবা নিশ্চিত করা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এরপর তিনি স্বরূপকাঠি পৌরসভা পরিদর্শন করে পৌরসভার পানি ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সফরের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় নেছারাবাদ উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান প্রতিকূলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দপ্তরপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনসেবার মানোন্নয়ন, সরকারি দপ্তরসমূহের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।