বিশেষ প্রতিনিধি:
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখা ও উপশাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
সভায় ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রম গতিশীল করা এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং ও লেনদেনে খুলনা বিভাগের অর্জনের প্রশংসা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ মইনুদ্দিন মাসুদ।
এ ছাড়া সভায় খুলনা বিভাগের তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ সাহাদ আলী, মুজিব আলম ও সেখ আলাউদ্দিন হোসেনসহ বিভাগাধীন বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ঋণ বিতরণ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় জোরদার এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।