পিরোজপুর জেলা প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, (এমপি)
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভাণ্ডারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ গুলোতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগ করার সমান অধিকার রয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যেন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা দেখলে নির্ভয়ে প্রশাসনকে কিংবা সরাসরি আমাকে জানান। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মোঃ হাসিবুল হাসান, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ওয়াহিদ মান্নান উৎপল হাওলাদার ,সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদ্দার, সমাজ সেবক জুলফিকার আলী হায়দারসহ উপজেলার ৪৮টি শারদীয় দুর্গা পূজা উৎসব মন্দিরের সভাপতি/ সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নানা শ্রেণী পেশার মানুষ।