পিরোজপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর অর্থায়নে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি’ প্রকল্পের আওতায় এক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইফতেখারুল ইসলাম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুন নবী জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি পিরোজপুর সদরের উপজেলা প্রকৌশলী মোঃ মজিবুর রহমান।
কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নূর।
আলোচনায় জানানো হয়, গ্রামীণ এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, হাট-বাজার এবং স্থানীয় কেন্দ্রগুলোর মধ্যে যাতায়াত সহজ করার পাশাপাশি গ্রামীণ সড়কগুলোকে দেশের মূল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ‘কোর রোড নেটওয়ার্ক’ (CRN) মূল্যায়ন পদ্ধতি চালুর কাজ চলছে। এ পদ্ধতির আওতায় জনসংখ্যার ঘনত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রোথ সেন্টারসহ সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার ধরন এবং প্রতিদিনের যানবাহন চলাচলের সংখ্যার ওপর ভিত্তি করে সড়কগুলোর অগ্রাধিকার ও চূড়ান্ত স্কোর (Final Road Score) নির্ধারণ করা হচ্ছে।
কর্মশালায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা, সিকদার মল্লিক, দুর্গাপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের তালিকা, ম্যাপ ও সার্বিক তথ্য উপস্থাপনপূর্বক বিস্তারিত পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল এলজিইডি, পিরোজপুর সদর এবং কারিগরি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।